
নোয়াখালী হাতিয়ার সুবর্ণচরে বালুবাহী ট্রাক থেকে চাঁদাবাজির সময় স্থানীয়দের হাতে গণপিটুনির শিকার হয়েছে এনসিপি নেতা হান্নানের ছেলে হাসানসহ তার তিন সহযোগী। মঙ্গলবার রাত দেড়টার দিকে চেয়ারম্যান ঘাট-সোনাপুর সড়কের ওই ঘটনায় বর্তমানে হাসান নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই সড়কে বালুর ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল হাসান ও তার দলবল। মঙ্গলবার রাতে ট্রাক থামিয়ে চাঁদা দাবি করলে স্থানীয় জনতা ও জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক জেকে আরিফসহ অন্যরা এর প্রতিবাদ জানান। এ সময় হাসানের নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রতিবাদকারীদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুললে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে হাসানসহ অন্তত তিনজন আহত হয়।
এলাকাবাসীর অভিযোগ, হাসান চর জাগলার একটি আলোচিত হত্যা মামলার আসামি এবং এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এবং এলাকার বিশিষ্ট ব্যবসায়ীদের কিডন্যাপ করে বাড়িতে নিয়ে শারীরিক ও মানসিকভাবে টর্চার করে। তার বাবা এনসিপি নেতা হওয়ায় রাজনৈতিক প্রভাবে দীর্ঘদিন ধরে তিনি এসব অপকর্ম চালিয়ে আসছিলেন। বারবার অভিযোগ করেও প্রশাসনের কাছ থেকে কোনো প্রতিকার না পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল।
বর্তমানে হাসান হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তার সহযোগীরা আত্মগোপনে রয়েছে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষ ওই সড়কে চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।
মন্তব্য করুন
You cannot copy content of this page