
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলমান থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুন উর-রশীদ ও মো. মশিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদনে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে অনুসন্ধানের জন্য তিন সদস্যের একটি দল গঠন করা হয়েছে। বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমণে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন বলে উল্লেখ করা হয় আবেদনে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ২০১৩ সালের ৬ মার্চ প্রথমবার দায়িত্বে পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক হারুন-অর-রশীদ। পরে ২০১৭ সালে তাকে এই দায়িত্বে চার বছরের জন্য ফের নিয়োগ দেওয়া হয়।
২০২১ সালে মশিউর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে আসেন। তিনি ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
মন্তব্য করুন
You cannot copy content of this page